Bengali works | শেষ প্রহরের বৃষ্টি
না- ঝরা সব ব্যথার দলা দূর আকাশের বুকে
জমাট বেঁধে না জানি কোন অগ্নিবাণে ঢাকে
তাকিয়ে থাকি বরিষ তরে তবুও কিসের টানে?
তবুও কেন সুর কাটে হৃদ্- বেদন বীণার তানে?
রক্ত ঝরে ফসিল স্মৃতির গোপন শিরা ছিঁড়ে?
আসুক প্লাবন, ঘুণ ধরা এই হাসির মুখোশ ফেড়ে
ঈশান কোণের নীল অভিমান ঝরুক অশ্রু ধারে
দিক ধুয়ে সব না- বলা শোক- বেদনার অঙ্গারে
চাই নাকো সুখ- হরষ শোভায় সাজানো উদ্যানে!
সাধ করে তাই বুক পেতে নিই বজ্র- কোমল বাণে
যা আছে তা থাকুক না ঐ মরণ সীমার পারে।
ভয় করি না, সুধার পরশ আঁকড়ে হিয়ার 'পরে....
মেঘ যদি আজ আগলে রাখে, তবুও জীবন ভরে
রইব বসে শেষ প্রহরের বৃষ্টি নামার তরে।
© All Rights Reserved.

Comments
Post a Comment
Please let us know what do you think about it.